রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৮ নভেম্বর ২০২৫ , ৯:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি বনবিভাগের গাছ কাটতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাবড়া বন এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবড়া বন রক্ষা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোকছেদুল আলম তার দুই ছেলেকে নিয়ে বনের মূল্যবান কচি গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজন গাছসহ ভ্যান আটক করে বনবিভাগে খবর দেন। পরে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ ও ভ্যান জব্দ করেন।
রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক বলেন, “বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর অভিযোগ, বনরক্ষা কমিটির সভাপতি হওয়ার সুযোগে মোকছেদুল আলম নিয়মিতভাবে বনের গাছ কেটে বিক্রি করছেন এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তাদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দলীয় প্রভাব খাটিয়ে তিনি বনরক্ষা কমিটির সভাপতি হন।
স্থানীয় মেজবাহুল ইসলাম বলেন, “আমাকে বনরক্ষা কমিটির সদস্য করার কথা বলে তিনি ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু সদস্য করেননি। বরং আত্মীয়স্বজন ও বাইরের লোকজনকে সদস্য করা হয়েছে।”
ভবানীপুর বনবিট কর্মকর্তা মো. ফোরকানুল আলম জানান, “সভাপতি মোকছেদুল আলম বা তার পরিবারের কেউ গাছ কাটার অনুমতি নেননি। এর আগেও তার ছেলে রাজ্জাককে গাছের ডাল কাটতে গিয়ে ধরে সতর্ক করা হয়েছিল।”
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।




















