সারাদেশ

বিরামপুরে মহিলা দলের নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ‎

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৫ , ৩:১৬:০১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন অনুমোদিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামপুর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুলতানা পারভীনের সভাপতিত্বে ও সদস্য সচিব আফরোজা বেগম লতার সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩২ বছর পর দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিরামপুর উপজেলা মহিলা দলের ১০১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। দীর্ঘ তিন দশক পর নতুন কমিটি অনুমোদন হওয়ায় স্থানীয় মহিলা দল নেত্রী–কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের প্রতিটি সংকটে বিএনপির পাশে থেকেছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে মহিলা দলের নেত্রী–কর্মীরা সামনের সারিতে লড়াই করছেন।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে মহিলা দলের নেত্রী–কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী—দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, নারী ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং বিজয় নিশ্চিত করতে মহিলা দলের প্রতিটি নেত্রী–কর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

আরও খবর

Sponsered content