মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৬:২৬:০৩ প্রিন্ট সংস্করণ
মাগুরায় অনুমোদনহীন বীজ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা কৃষি বিপণন অফিস।
সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স রাজিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন বীজ বিক্রয়, সারের বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান না করা, মোড়কীকরণজনিত ত্রুটি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দোষী সাব্যস্ত হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের আইনলঙ্ঘন না ঘটে সে বিষয়ে লিখিত সতর্কীকরণ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের সদস্যরা।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “জনস্বার্থে এবং কৃষকদের স্বার্থে এমন অভিযান চলমান থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”
এ অভিযানে স্থানীয় চাষিরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রয় রোধে এমন তদারকি কার্যক্রম নিয়মিত হওয়া প্রয়োজন।




















