নওগাঁ প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৫ , ৭:৪০:২১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিং এক সপ্তাহ না যেতেই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মান্দা উপজেলার সদর ইউনিয়নের চকমনসব গ্রামের ঈদগাহসংলগ্ন পাকা রাস্তা থেকে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ (দেউল মসজিদ–চকমনসব) সড়ক পাকাকরণের কাজ সম্প্রতি সম্পন্ন হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ১৯ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করে কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ।
স্থানীয়দের অভিযোগ, গত শনিবার কার্পেটিংয়ের কাজ শেষ করা হলেও কয়েক দিনের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ভ্যান, ভটভটি কিংবা হেঁটে চলাচল করলেই কার্পেটিং উঠে যাচ্ছে। এতে হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য নির্মিত সড়কের একাধিক স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে পাথর ও বিটুমিন আলাদা হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা দুলু, জাহাঙ্গীর, পারভীন ও রেজাউল অভিযোগ করে বলেন, কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডি মান্দা উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের পাথর, অপর্যাপ্ত বিটুমিন ও ঠান্ডা মিক্সিং ব্যবহার করে দায়সারা কাজ করায় কয়েক দিনের মধ্যেই রাস্তার এমন বেহাল দশা হয়েছে।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কিছু মালামাল ঠান্ডা ছিল, তাই কার্পেটিং উঠে যাচ্ছে। বিষয়টি দেখা হচ্ছে।’ তবে এ বিষয়ে সংবাদ প্রকাশে তিনি অনীহা প্রকাশ করেন।
অন্যদিকে এলজিইডি মান্দা উপজেলা শাখার প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। কয়েকটি স্থানে কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। তবে সেগুলো রেকটিফিকেশন করা হয়েছে, যা কাজের অংশ হিসেবেই গণ্য।’
স্থানীয়রা দ্রুত সড়কটির টেকসই পুনর্নির্মাণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















