বিনোদন

কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড়পর্দায় অভিষেক ‘প্রজাপতি ২’-এ

  বিনোদন প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৫ , ৫:২২:৪৮ প্রিন্ট সংস্করণ

দেবের সঙ্গে জ্যোতির্ময়ী

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবার বড়পর্দায় অভিষেক করতে চলেছেন। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর প্রথম সিনেমা ‘প্রজাপতি ২’, যেখানে তাঁর বিপরীতে আছেন সুপারস্টার দেব।

বর্ধমানের ছোট্ট শহর থেকে উঠে আসা জ্যোতির্ময়ী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতায় পা রাখা সহজ ছিল না, তবে তাঁর ছিপছিপে গড়ন, উচ্চতা ও উজ্জ্বল চোখ মুহূর্তেই নজর কেড়েছে সকলের।

টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর স্থায়ীভাবে কলকাতায় থাকেন তিনি। প্রথমবার তাকে দেখা যায় ‘বধূঁয়া’ ধারাবাহিকে। এরপরই বড়পর্দায় সুযোগ আসে। নাটকে নজর কাড়েন দেবের, যা পরবর্তীতে ‘প্রজাপতি ২’-এর নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জ্যোতির্ময়ী ইতোমধ্যেই সিনেমার কিছু ঝলক দর্শকদের সামনে তুলে দিয়েছেন। পরিবারের কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত না থাকলেও, মা-বাবার সমর্থনে তিনি স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারেন। অভিনেত্রী বলেন, “যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি। মা-বাবা পাশে ছিলেন, কখনো রক্ষণশীল ভাবনার চাপ অনুভব করতে হয়নি।”

অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, “ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছিলাম। তখন কিছুই বুঝতাম না। পরে একজন দিদি ফটোশুটের প্রস্তাব দেন। প্রথমে ভেবেছিলাম খরচ করতে হবে, কিন্তু তিনি আশ্বস্ত করেন।”

জ্যোতির্ময়ী আরও বলেন, “বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজের সুযোগ ভেবেই ভাবিনি। শুটিংয়ে বুঝতেই পারিনি এত বড় তারকার সঙ্গে কাজ করছি, তাই অভিনয় করা সহজ হয়েছে।”

এখন প্রশ্ন হচ্ছে, ছোটপর্দায় কি তাঁকে আর দেখা যাবে? অভিনেত্রী জানান, এ মুহূর্তে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। আপাতত তিনি ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন, যখন মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।

আরও খবর

Sponsered content