নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৩৫:৩৭ প্রিন্ট সংস্করণ
শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার দুপুর ২টায় নগরের চৌহাট্টা এলাকায় ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট জেলার ব্যানারে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু হয়। আয়োজকরা জানান, একই দাবিতে দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে—এতে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সরকার এ হত্যার বিচার নিয়ে টালবাহানা করছে বলেও অভিযোগ তোলেন তারা।
বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে এবং ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশাযোগে গন্তব্যে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ উসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।




















