মেহেরপুর প্রতিনিধি: ৩ জানুয়ারি ২০২৬ , ৮:৫১:৫২ প্রিন্ট সংস্করণ
“প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা—আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। পরে মল্লিক পুকুর মোড় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা সমাজসেবা উপ-পরিচালক আশাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর খান, সিভিল সার্জন এ কে এম আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তারা। জেলা সমাজসেবা অফিসার (রেজি) কাজী আবুল মনসুর সভা সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সমাজসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




















