অপরাধ

মাধবপুরে অভিনব কৌশলে পাচারকালে জিরা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৫ জানুয়ারি ২০২৬ , ১২:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে অভিনব কৌশলে মিনি ট্রাকে ইট ও বালুর নিচে লুকানো প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে ইট ও বালু বোঝাই একটি মিনি ট্রাক এলাকায় প্রবেশ করলে বিজিবির সদস্যরা গাড়িটিকে সংকেত দিয়ে থামান।
গাড়িটি তল্লাশি করে ইট ও বালুর নিচে মাছের খাবারের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,”জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content