সারাদেশ

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: ব্যারিস্টার কায়সার কামাল

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ১৭ জানুয়ারি ২০২৬ , ৪:১০:০১ প্রিন্ট সংস্করণ

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলমাকান্দা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যতটুকু জানি, এখানে যৌথবাহিনীর অভিযান হওয়ার কথা। আমাদের এই অঞ্চলটি সীমান্তবর্তী হওয়ায় মাদকের ব্যাপক ব্যবহার রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও সে অনুযায়ী গ্রেপ্তার এখনো চোখে পড়ছে না।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাই—নির্বাচনের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে যারা মাদক ব্যবসা, মাদক সেবন এবং কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত এসব অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হবে, ততক্ষণ এ অঞ্চলের মানুষ নিজেদের নিরাপদ মনে করবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার জন্য। আমরা আশাবাদী, যথাযথ আইনি প্রক্রিয়া ও আইন মেনে ইনশাল্লাহ একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

দোয়া মাহফিলে কলমাকান্দা বাজারের ব্যবসায়ীদের পক্ষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. মামুনুর রশিদ, খতিব, কলমাকান্দা থানা জামে মসজিদ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সদস্য সচিব সেলিম রেজা, সাবেক সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম কেরন, মাওলানা রহুল আমিনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

আরও খবর

Sponsered content