প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার সরেজমিনে তারেক রহমানের মঞ্চের আশপাশ ঘুরে দেখা যায়, নিরাপত্তা বাহিনী বোমাসদৃশ বা সন্দেহজনক কোনো বস্তু শনাক্তের জন্য প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছে। লাল ও সাদা রঙের কয়েকটি কুকুর নিয়ে তারা মঞ্চের চারপাশে ঘুরে ঘুরে পরীক্ষা করছে।
পাশাপাশি ডিজিটাল ডিভাইসের সহায়তায় দুর্ঘটনা সৃষ্টিকারী কোনো বস্তু রয়েছে কি না, তাও পরীক্ষা চালাতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে।
এদিকে তারেক রহমানকে একনজর দেখতে ও তার বক্তব্য শোনার জন্য সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সার্কিট হাউজ মাঠে জড়ো হচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।




















