নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১২:০৪:১৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারঘাট) আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জোরপূর্বক দখলবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার দুর্গাপুর, বাকশাইর ও মীরনগর গ্রামে অনুষ্ঠিত পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনৈতিক দর্শন অনুযায়ী সব ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বিএনপি ক্ষমতায় থাকলে সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে। মানুষের বেঁচে থাকা, স্বাধীনভাবে চলাফেরা ও রাজনৈতিক আদর্শ লালন করার অধিকার অবিচ্ছেদ্য—এতে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
সৈয়দ ফয়সল তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ১৯৯১ সাল থেকে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। দীর্ঘদিন জেল-জুলুম ও মামলার মতো প্রতিকূলতার মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
একই দিনে তিনি সায়হাম নীট কম্পোজিট ও তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, এলাকার ২৩টি চা বাগানের প্রায় ৭০ হাজার ভোটার চা শ্রমিক দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত ও বঞ্চিত হয়েছেন। নির্বাচিত হলে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
সভাগুলোতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।














