আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৮:০৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী, আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অহিদুজ্জামান নিলু সম্প্রতি দেশে আগমন করেছেন। তার এই আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজ এলাকা ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে জানানো হয় ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সংবর্ধনা।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শত শত মানুষ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তার অভ্যর্থনায় অংশ নেন। পরে উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পুরো পথজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে তাকে সিক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বরিশাল–১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন উপস্থিত থেকে অহিদুজ্জামান নিলুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও অহিদুজ্জামান নিলু আগৈলঝাড়া উপজেলা ও এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবকদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি গণমাধ্যম উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে সমাদৃত।
সংবর্ধনার জবাবে অহিদুজ্জামান নিলু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও সম্মান আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আগৈলঝাড়া ও দেশের মানুষের কল্যাণে আমি আগামীতেও আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন ও উৎসবমুখর মিলনমেলায়, যেখানে প্রবাসে সফল একজন মানুষকে ঘিরে স্থানীয়দের ভালোবাসা ও প্রত্যাশার আন্তরিক প্রকাশ ঘটে।





















