সারাদেশ

রাজশাহীতে নির্মাণাধীন গণসৌচাগারের সামগ্রী চুরি, থানায় জিডি

  মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১০:৫৮ প্রিন্ট সংস্করণ

রাজশাহী সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন ছয়টি গণসৌচাগারের মধ্যে একটি প্রকল্পের নির্মাণসামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জানে আলম ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. ফারুক হোসেন মতিহার থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে মতিহার থানাধীন বিহাস (মোহনপুর) এলাকার ফ্লাইওভারের দক্ষিণ পাশে নির্মাণাধীন পাবলিক টয়লেট প্রকল্পের স্টকইয়ার্ড থেকে অজ্ঞাত চোরেরা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া প্রকল্পটি রাজশাহী মহানগরীর “সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। অভিযোগে উল্লেখ করা হয়, উক্ত প্রকল্পের অধীনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোট ছয়টি গণসৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে তিনটি গণসৌচাগারের নির্মাণসামগ্রী স্টকইয়ার্ড থেকে চুরি হয়েছে।

ভুক্তভোগী ঠিকাদার দাবি করেন, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকারও বেশি। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রড, সিমেন্ট, সিরামিক ও চায়না টাইলস, সাবমার্সিবল পাম্প, কলাপসিবল গেট, বিভিন্ন ধরনের স্যানিটারি ও ইলেকট্রিক্যাল সামগ্রী এবং মিস্ত্রিদের ব্যবহৃত হাতিয়ারসহ অন্যান্য নির্মাণ উপকরণ।

চুরির পর হারানো মালামাল উদ্ধার করতে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নেন ঠিকাদার। এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। থানায় এসে খোঁজ নিলে বিস্তারিত জানা যাবে। এ ধরনের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content