প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০২:২০ প্রিন্ট সংস্করণ
চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ঢাকা ২৬’।
গল্পটি মূলত একজন প্রভাবশালী রাজনীতিবীদের দুই কর্মীকে নিয়ে। কে নেতার কাছের হবে, কে নেতাকে নিজের কর্মক্ষমতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সবসময়ই চলমান। এই দ্বন্দ্বের ভেতরে আরেক দ্বন্দ্ব একজন নারীকে নিয়ে। যে নারী দুইজনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে।
তাদের নেতা প্রভাবশালী রাজনীতিবীদও নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন সেই সমস্যা নিরসনে। যার ফলে ঘটে যায় চুড়ান্ত আরেকটি ঘটনা। গল্প মোড় নেয় নতুন দিকে। এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার গল্প নিয়ে এটিভি ইউএসএর পর্দায় শিগগিরই আসছে এই নাটকটি।
নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, ‘রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। দর্শকদেরও টানবে।’
অভিনেত্রী তাসনুভা তিশা বলেন, ‘নাটকের গল্পটি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।’
নাটকটিতে প্রধান সহকারি পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গত মাসের শেষদিকে।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ অনেকেই।















