বিনোদন

মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, ধানের শীষে ভোটদানের ঘোষণা সানীর

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০৬:২৭ প্রিন্ট সংস্করণ

কিছুটা চ্যালেঞ্জ, কিছুটা বোধহয় ক্ষোভ- ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী সেটাই প্রকাশ করলেন। লিখলেন, ‘বের করেন কোনো কিছু আমার- খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’

এই পোস্টের মাধ্যমে কার্যত নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে তা সামনে আনার আহ্বান জানান ওমর সানী।

তবে সেই চ্যালেঞ্জের জবাবে সামাজিক মাধ্যমে পাল্টা আক্রমণও শুরু হয় দ্রুত। নেটিজেনদের একাংশ আলোচনায় টেনে আনেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত।

স্মরণ করিয়ে দেওয়া হয়, মৌসুমী একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমনকি ২০১৯ সালের ১৬ জানুয়ারি আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি।

সেদিন ছেলেকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হলে তাকে ঘিরে ব্যাপক কৌতূহল ও সেলফির হিড়িক পড়ে। যদিও শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি মৌসুমী। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলেই সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী ও অভিনেত্রী শিমলাসহ অনেকে। তারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তবে অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন, এমন অভিযোগে এই তারকারাই এখন সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়ছেন।

ওমর সানীর ক্ষেত্রেও ঘটছে তার ব্যতিক্রম নয়। তার পোস্টের পর প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ সরাসরি তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেন, আবার কেউ তার অতীত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

আরও খবর

Sponsered content