মেহেরপুর প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৯:০৭ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এতে বাবলু নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মজনু রহমানের ছেলে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে কয়েকজন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগ তুলে মাদার আলীর ছেলে আকুব্বার ও ইউনুচ আলীর ছেলে বাবলুকে মারধর করেন।
মারধরের একপর্যায়ে বাবলুর মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাবলু দাবি করেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অভিযুক্তদের মধ্যে মজনু রহমান, দেলোয়ার, ইজরাল, হিরন, রাকিব, ভাষান, হাসান ও মনি রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে জুলফিকার আলী ভুট্টো বলেন, পূর্বের একটি তুচ্ছ ঘটনার জের ধরে আকুব্বারের সঙ্গে কথা কাটাকাটির সময় বাবলু নিজে থেকে জড়িয়ে পড়লে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















