প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০০:৩৪ প্রিন্ট সংস্করণ
শোবিজ তারকাদের খুব সাবধানে চলাফেরা করতে হয়। আলোচনার পাশাপাশি সমালোচনার মুখে পড়তে সময়ও লাগে না তাদের। কখন কোন তারকার কথাবার্তা, চলাফেরা কিংবা পোশাক নিয়ে শুরু হয়- তা বলা মুশকিল! তেমনই এক সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুকে নতুন লুক প্রকাশ করে ব্যাপক ট্রলের শিকার হতে হচ্ছে এই অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুক পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। কিন্তু সেখানে তার চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা তাকে নিয়ে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওতে তাকে কালো চশমা এবং পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। তবে নেটিজেনদের নজর কেড়েছে তার চেহারার গঠন, বিশেষ করে তার থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।
ভিডিওটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় ওঠেছে। অনেকেই দাবি করছেন- অতিরিক্ত প্লাস্টিক সার্জারির কারণেই তার চেহারার এই দশা হয়েছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির! আরেকজন লিখেছেন, ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!
অনেকে আবার তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেও ছাড়েননি। তাকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন।
নুসরাত ফারিয়া প্রায়ই তার জিম সেশন এবং গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও ভক্তদের এসব নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখন পর্যন্ত ফারিয়া নিজে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।











