বিনোদন

বিটিভিতে তারার মেলা

  প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১২:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এক ঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ।

এছাড়া নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যানসি ও ইমরান। গানটির গীতিকার কবির বকুল এবং সংগীতায়োজনে রয়েছেন ইমরান মাহমুদুল।

অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পীসাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমণি। এছাড়া কয়েকজন তারকাকে নিয়ে থাকছে একটি কুইজ শো। এখানে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাশার। একটি বিশেষ পারফরমেন্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি।

অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।

গান, নৃত্য, কৌতুক, কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ এই ঈদে দর্শকদের জন্য হয়ে উঠবে বাড়তি বিনোদনের আয়োজন।