প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ
লিভারপুলের মাঝমাঠের খেলোয়াড় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে ১-০ ব্যবধানে জয় এনে দেন। পুরো ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর এই জয় ছিল অনেকটাই অপ্রত্যাশিত।
নির্ধারিত ৯০ মিনিটে লিভারপুল লক্ষ্যে উল্লেখযোগ্য কোনো শটই নিতে পারেনি। যোগ করা সময়ের শুরুতে ম্যাক অ্যালিস্তারের একটি প্রচেষ্টা হাত লাগার কারণে বাতিল হয়। তবে ৯৭তম মিনিটে ফিরতি বল পেয়ে জোরালো শটে জালে পাঠিয়ে দলকে তিন পয়েন্ট এনে দেন তিনি।
ম্যাচ শুরুর আগেই ধাক্কা খায় লিভারপুল। গা-গরম করার সময় চোট পান ফ্লোরিয়ান ভির্টজ, তার জায়গায় খেলেন কার্টিস জোন্স।
স্বাগতিকদের হয়ে শুরুতেই সুযোগ পেয়েছিলেন ক্যালাম হাডসন-ওদোই, কিন্তু লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার দৃঢ়ভাবে তা ঠেকান। এলিয়ট অ্যান্ডারসনও কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন। অন্যদিকে লিভারপুল আক্রমণে তেমন হুমকি তৈরি করতে পারেনি।
৫৪তম মিনিটে লিভারপুলের সেরা সুযোগটি আসে। মোহামেদ সালাহ উঁচু বল হেড করে বাড়ান জোন্সের দিকে, কিন্তু ফরেস্টের গোলরক্ষক স্টেফান ওর্তেগা পা বাড়িয়ে শট ঠেকিয়ে দেন। নতুন কোচ ভিতোর পেরেইরার অধীনে প্রথম লিগ ম্যাচে ড্রয়ের দিকেই এগোচ্ছিল ফরেস্ট।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বল ম্যাক অ্যালিস্টারের শরীরে লেগে জালে গেলেও সহকারী প্রযুক্তির সহায়তায় দেখা যায় বল তার কনুইয়ে লেগেছে, ফলে গোল বাতিল হয়।
হাল না ছেড়ে ৯৭তম মিনিটে ফিরতি বল পেয়ে শক্ত শটে জালে পাঠান ম্যাক অ্যালিস্তার।
লিভারপুল এখন ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট, অবনমন অঞ্চলের থেকে দুই পয়েন্ট এগিয়ে।
রবিবারের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেস ১০ জনের উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে। দ্রুত দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড পান লাদিস্লাভ ক্রেইচি। এছাড়া রাউল হিমেনেসের জোড়া গোলে ফুলহ্যাম ৩-১ ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারিয়েছে।














