প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ৮:৪৯:১৯ প্রিন্ট সংস্করণ
নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল। আজ রোববার সন্ধ্যায় বসুরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি।
এ সময় বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি ফজলুল করিম ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, যুবদল নেতা মাজহারুল ইসলাম তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার প্রমুখ।
সমাবেশে বক্তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যে কোনো রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ ছাত্রদল, যুবদলের অন্তত ৬ জন আহত হয়েছেন।




















