মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা (হিলি) এলাকায় একটি গ্রামীণ সড়কের কার্পেটিং কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাইকপাড়া থেকে কাঁকড়াপালি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে যান একাত্তর টেলিভিশন-এর হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধিভুক্ত ওই সড়কের উন্নয়নকাজের অগ্রগতি, ব্যয় ও কাজের মান সম্পর্কে তথ্য জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলম ইন্ডাস্ট্রিজের ম্যানেজার আলম হোসেন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠে।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তথ্য প্রদান না করে উল্টো তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্তা করা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার কামরুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, উন্নয়নকাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনায় স্বাধীনভাবে তথ্য সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।




















