খেলাধুলা

মাধবপুরে সরকারি নদী থেকে অবৈধ বালু উত্তোলন, থানায় এজাহার দায়ের

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ৫:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে সরকারি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মনতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় এজাহারটি দায়ের করেন।

জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে দায়িত্ব পালনকালে ভূমি কর্মকর্তা খবর পান যে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া এলাকায় সোনাই নদীর রাবার ড্যাম সংলগ্ন অংশে কয়েকজন ব্যক্তি ইজারাবিহীনভাবে বালু উত্তোলন করছে। পরে তিনি অফিস সহায়ক মো. ইব্রাহীম আহাম্মদ ও মো. শরীফ মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

সকাল সাড়ে ১১টার দিকে তারা পৌঁছে দেখেন, প্রায় ১৫–২০ জন শ্রমিক নদী থেকে বালু তুলছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পালিয়ে যাওয়া কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়। তারা হলেন—মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. সোহেল মিয়া (৪৮), মো. শুভ মিয়া (২৫), মো. মাজহারুল ইসলাম (২৫), মো. শাকিল মিয়া (৩৩) ও মো. রনি মিয়া (৩২)। এরা সবাই মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লিখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সরকারি নদী এলাকা থেকে বালু তুলে বিক্রি করে আসছে, এতে সরকারের রাজস্বের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(১) ধারায় মাধবপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন,

“অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content