মোহাম্মদ হোসাইন ৭ জুন ২০২৬ , ১১:১২:৪৪ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে সৈয়দুল হক ওরফে পঙ্গু সৈয়দুল হককে আটক করেছে রামু থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা সৈয়দুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবপাচার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে তিনি ‘পঙ্গু সৈয়দুল’ নামে পরিচিত।
সূত্র জানায়, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কমুনিয়া এলাকায় অবস্থিত তার দ্বিতীয় বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায়।
আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রশংসা করেন এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রামু থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।




















