সারাদেশ

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ৩

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১২:৩৭ প্রিন্ট সংস্করণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার সকালে ৩ কিশোরকে গ্রেপ্তার করে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে ৩ জনকে আটক করে সোমবার দুপুরে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত ৩ কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটক ৩ জনকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও খবর

Sponsered content