মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১৮:১৮ প্রিন্ট সংস্করণ
সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য সৈয়দ ফয়সল বলেন, “মাধবপুর ও চুনারুঘাট এলাকার প্রায় ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে কঠিন হতে হলেও কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের প্রথম দায়িত্ব উল্লেখ করে বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবা করে যেতে চান।
নির্বাচনী এলাকার চা-বাগান শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, “চা-বাগান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
মাদক প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই অভিশাপ। দেশ থেকে মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমরা মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।” এ বিষয়ে তিনি অভিভাবক, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
গণসংবর্ধনা সভা শেষে নেতাকর্মীরা সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাটকে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।














