বরুণ ব্যানার্জী , সাতক্ষীরা ১৬ মার্চ ২০২৬ , ৪:২৫:১৪ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ঘরে ফেরার আনন্দঘন প্রস্তুতি। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে যখন মানুষের ব্যস্ততা বাড়ছে, তখন সেই উৎসবের আমেজ পৌঁছে গেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। ঈদ উপলক্ষে টানা ১০ দিনের জন্য এই বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরে স্বাভাবিক নিয়মেই আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। পবিত্র রমজান মাস উপলক্ষে বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পণ্য খালাস ও লোডিংয়ের কাজ চলছে।
তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কাস্টমস হাউসের সিএন্ডএফ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময়ের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। টানা ১০ দিনের এই বিরতির পর আগামী ২৮ মার্চ থেকে আবারও চালু হবে বন্দরটির বাণিজ্যিক কার্যক্রম।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্তের ইমিগ্রেশন সেবা চালু থাকবে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের সময় যারা সীমান্ত পাড়ি দিয়ে স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করতে চান, তাদের জন্য ইমিগ্রেশন সেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণেই এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে।
ঈদের এই ছুটি সাময়িকভাবে বাণিজ্যের গতি থামিয়ে দিলেও বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য এটি স্বস্তির এক বিরতি হয়ে উঠবে। আর ২৮ মার্চ থেকে আবারও কর্মচাঞ্চল্যে ফিরবে ভোমরা স্থলবন্দর।














