মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ এপ্রিল ২০২৬ , ৩:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে ভিজিএফ চাল চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বহরা ইউনিয়ন পরিষদের সামনে কলেজ রোডে বেলাল ডাক্তারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ মসি, যিনি আরটিভি ও দৈনিক কালবেলার মাধবপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর অভিযোগ, বহরা ইউনিয়নের চাল চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও ভিডিও প্রতিবেদন প্রচারের পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জেরে প্রকাশ্যে তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয়। এ সময় গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকর ভূমিকা নেননি বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে রক্ষা পান।
এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক ফয়সলের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল বলেন, “সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ভুল সংবাদ প্রচারের কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ, মাদক সংশ্লিষ্টতা ও চাল চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।




















