সিলেট প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১১:১০:৫৭ প্রিন্ট সংস্করণ
সাংবাদিক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে সিলেটের জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন জহুরুল ইসলাম।
তিনি এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি, বাংলাদেশ প্রতিক্ষণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাপ্তাহিক ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদক।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে তিনি সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটির ডকেট নম্বর ২০৪২।
লিখিত অভিযোগে জহুরুল ইসলাম উল্লেখ করেন, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুগাঁও গ্রামের বাসিন্দা জাকির হোসেন সম্প্রতি তার ও তার ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যা তিনি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, জাকির হোসেনের বিরুদ্ধে এলাকায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত করা, মাটি কেটে বিক্রি করা এবং পরিবেশের ক্ষতি করার মতো বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন পূর্বেও ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করা হয়েছে।
জহুরুল ইসলাম জানান, এসব ঘটনার প্রেক্ষিতে তিনি তার সম্পাদিত সাপ্তাহিক ‘হলি সিলেট’ পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করেন। এর জেরে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া জাকির হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রেরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
জহুরুল ইসলাম তার আবেদনে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি খারিজ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।




















