প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ১১:১১:০৭ প্রিন্ট সংস্করণ
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী। এর মধ্যে মক্কায় মো. নইম উদ্দীন মন্ডল নামের একজনের মৃত্যু হয়েছে। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।
আজ বুধবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, মো. নইম উদ্দীন মন্ডল মঙ্গলবার মক্কায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। নইম উদ্দীনের পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
আরও জানা গেছে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবের পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৮৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন।
এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।














