বিনোদন

‘কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক’

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ১২:৩২:২৬ প্রিন্ট সংস্করণ

সামাজিকমাধ্যমে প্রায়ই সাইবার বুলিংয়ের শিকার হন শোবিজ তারকারা। ‘ডিপ ফেক’ ছবি কিংবা ভিডিও বিড়ম্বনা ছাড়াও তাদের ঘিরে নানা সময়ে নানা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এবার এসব বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার মতে, ‌কাউকে উদ্দেশ্য করে যা ইচ্ছে তাই লেখা সম্পূর্ণ অযৌক্তিক। অনুরাগীদের সেসব ভিত্তিহীন বিষয়ে সময় নষ্ট না করার আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এই অভিনেত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু তাদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।’

ভার্চ্যুয়াল দুনিয়ায় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য কিংবা অপপ্রচারে জড়িত, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন সুনেরাহ। তিনি বলেন, ‘“আমার এটা মনে হলো, ওটা মনে হলো” বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। তাদের উদ্দেশ্যটা কী? হয়তো “এটেনশন”, “এন্টারটেইনমেন্ট” অথবা “মনিটাইজেশন”।’

সবশেষে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।’

উল্লেখ্য, বর্তমানে একাধিক নাটক ও সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। আর শিগগিরই শেষ হতে চলেছে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রা শেষে নাটকটির ইতি টানছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।