সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ২২ এপ্রিল ২০২৬ , ৩:৫৬:২২ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাচন কমিশন অফিসের সহকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং সেবা প্রত্যাশীদের ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সাধারণ কাজ সম্পন্ন করতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ঘুরতে হচ্ছে তাদের।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এবং একজন পিয়ন ছাড়া অন্য কোনো সহকারী কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন না। এ সময় নিচতলা ও উপরে প্রায় ১৫-২০ জন সেবা প্রত্যাশী অপেক্ষা করছিলেন।
ভুক্তভোগী আবুল কালাম বলেন, “সকাল ৯টা থেকে বসে আছি, কিন্তু এখনো কাজ হয়নি। অফিসে দায়িত্বশীল কেউ নেই।”
নওমুসলিম শফিকুল ইসলাম ওমর জানান, “আমি সংশোধনের জন্য ঢাকা থেকে এসেছি, কিন্তু এখনো কাউকে পাইনি।”
স্থানীয়দের অভিযোগ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, কিছু কর্মচারী পথে রয়েছেন এবং আনোয়ার হোসেন তার সন্তানের এসএসসি পরীক্ষার কারণে দেরি করছেন। পরে তিনি জানান, আনোয়ার হোসেন ছুটি নিয়েছেন। তবে তার ছুটির আবেদনপত্রের তারিখ নিয়ে অসঙ্গতির অভিযোগও উঠেছে।
এছাড়া সহকারী কর্মকর্তা আল আমিন ও পারভেজের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন কাজে আসা মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে।
লাউফা গ্রামের কাশেম মিয়া অভিযোগ করেন, জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। “গত তিন বছর ধরে সংশোধনের জন্য ঘুরছি, কিন্তু কোনো সমাধান পাইনি,” বলেন তিনি।
স্থানীয়দের দাবি, বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসে সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা নিয়মিত উপস্থিতি ও দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




















