সারাদেশ

ঝিকরগাছায় রাস্তা ও ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২২ এপ্রিল ২০২৬ , ৮:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ


যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। পরে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।

পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পৌর প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে পৌরবাসীর চলাচল সহজ হয় এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে টং দোকান, ফার্নিচার, কাঠের লগ ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও খবর

Sponsered content