এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৬ জুন ২০২৬ , ৮:২৬:২৬ প্রিন্ট সংস্করণ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির আগে ইউএনও সাফফাত আরা সাঈদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবনসংলগ্ন ড্রেনেজ ব্যবস্থা, ঝোপঝাড় ও আশপাশের পরিবেশ পরিদর্শন করেন। ডেঙ্গুবাহী মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান ও ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুনসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।




















