তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ৬ জুন ২০২৬ , ১:৫৮:০৮ প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য জনসচেতনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।




















