খেলাধুলা

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১১:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

ফুটবলে গোলরক্ষকদের সময়ক্ষেপণ রোধ করতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন নিয়মের প্রথম প্রয়োগ দেখা গেল ব্রাজিলিয়ান সেরি আ-তে। আর এই নতুন নিয়মের প্রথম শিকার হয়ে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে সান্তোসের অধিনায়ক নেইমারকে।
ফুটবলের এই পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী যদি কোনো গোলরক্ষকের চিকিৎসার জন্য খেলা সাময়িকভাবে বন্ধ থাকে, তবে খেলা পুনরায় শুরু হওয়ার পর প্রতিপক্ষের সঙ্গে ভারসাম্য রাখতে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে।
কোন খেলোয়াড় বাইরে যাবেন, তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দলের কোচকে নির্ধারণ করে দিতে হবে।
কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম প্রস্তাব করতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবেই দলের অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। ব্রাজিলিয়ান লিগ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগসহ অন্যান্য শীর্ষ প্রতিযোগিতায় এই নিয়ম চালুর প্রক্রিয়া চলছে।
গত সোমবার ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রথমবারের মতো এই নিয়ম কার্যকর হয়। ম্যাচের একপর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চোট পেয়ে চিকিৎসার অনুরোধ করেন।
নিয়ম অনুযায়ী গোলরক্ষকের চিকিৎসার পর ১০ সেকেন্ডের মধ্যে সান্তোস কোচ মাঠ ছাড়ার জন্য কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারেননি। ফলে রেফারি সরাসরি অধিনায়ক নেইমারকে ১ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন এবং নেইমার মাঠ ছাড়েন।
৩৪ বছর বয়সী নেইমার চলতি বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নকআউট পর্বে মাঠে নেমেছিলেন। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোলও করেছিলেন তিনি, যদিও ম্যাচটিতে ব্রাজিল ২-১ গোলে হেরে বিদায় নেয়। এরপর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে আপাতত ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও খবর

Sponsered content