আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ৮:৩৫:২৯ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে আরিফ সরদার, আওয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকাবাসী দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্তরা প্রাণে রক্ষা পেলেও তাদের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে যাওয়ায় তারা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জরুরি সহায়তা দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় তাদের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়বে।




















