প্রচ্ছদ » অর্থ-বাণিজ্য » মেটাল কার্ডের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
মেটাল কার্ডের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
প্রতিনিধি
১৫ মে ২০২৬ , ৩:০৯:৩৩প্রিন্ট
সংস্করণ
ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। অননুমোদিত কিছু থার্ড-পার্টি প্রতিষ্ঠান প্লাস্টিক কার্ডকে আকর্ষণীয় মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব অননুমোদিত প্রতিষ্ঠান মেটাল কার্ডে রূপান্তরের অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি বা সিভিসি নম্বরের মতো অত্যন্ত গোপনীয় তথ্য সংগ্রহ করছে। অথচ এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়।
বাংলাদেশ ব্যাংকের মতে, এ ধরনের রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের কার্ডের তথ্য ফাঁস হয়ে বড় ধরনের জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে গ্রাহকের অজান্তে অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এতে ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো ব্যাংক কার্ড ব্যবস্থাপনার নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডসংক্রান্ত কোনো তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে না পড়তে সতর্ক করা হয়েছে।
কার্ডসংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত শাখা বা নিজস্ব চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা কার্ডের গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কার্ড ব্যবহারে সন্দেহজনক কোনো লেনদেন বা কার্যক্রম নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।