সারাদেশ

শাহ্জীবাজার রেল স্টেশন চালুর দাবিতে মাধবপুরে মানববন্ধন ও রেলপথ অবরোধ

  নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৬ মে ২০২৬ , ৮:৪১:৪৩ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন বন্ধ থাকা শাহ্জীবাজার রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের মাধবপুর। শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস কিছু সময়ের জন্য আটকে রাখা হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই স্টেশনটি দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ থাকায় এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তারা বলেন, শাহ্জীবাজার এলাকায় গ্যাসফিল্ড, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্রাণ-আরএফএল, স্কয়ারসহ সরকারি ও বেসরকারি অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক-কর্মচারী ছাড়াও শিক্ষার্থী ও নিম্নআয়ের সাধারণ মানুষ নিয়মিত ট্রেনে যাতায়াত করতেন। কিন্তু স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় তারা স্বল্প খরচের এই যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশনের সভাপতি গাজীউর রহমান আব্বাসের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন আবদাল মিয়া, নজরুল গাজী, ইউপি সদস্য জয়নাল মিয়া, নুরধন, শরিফ উদ্দিন সিকদার, শাহ্জীবাজার বিদ্যুৎ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া ও ফারাবি সুমনসহ অন্যরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে লোকবল সংকট নিরসন করে শাহ্জীবাজার রেল স্টেশন পুরোপুরি চালু এবং আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনের স্টপেজ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

আরও খবর

Sponsered content