মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২৫ মে ২০২৬ , ১০:১৮:৫৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মফেজ আলী ও লাইলি আক্তার নামে দুই কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলার চারঘাট থানার শলুয়া ইউনিয়নে অবস্থিত লাইলি আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ৩৫টি বস্তায় মজুদ রাখা মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র ঈদকে সামনে রেখে একটি চক্র মাদকদ্রব্য মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ভারত থেকে পাচার হয়ে দেশে প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















