জবি প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১০:৫৮:৩৮প্রিন্ট
সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল সওয়াব হিসেবে জারি থাকে। তার মধ্যে অন্যতম হলো নেক সন্তান। সন্তানের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। আমরা যারা বাবা-মাকে হারিয়েছি, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব।”
উপাচার্য আরও বলেন , “বাবা-মাকে আল্লাহ তায়ালা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। রাসুল (সা.) বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের খেয়াল রাখতে হবে বাবা-মা যেন কোনোভাবে কষ্ট না পান, কারণ তাদের সন্তুষ্টির ওপরই আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে।”
মায়ের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান আসলাম বলেন, “বাবা-মা যে কতটা মূল্যবান, তা তারা জীবিত অবস্থায় আমরা অনেকে বুঝতে পারি না। ছাত্রদলের প্রত্যেকটি নেতা-কর্মীর জন্য তাদের বাবা-মায়েরা সবসময় দুশ্চিন্তা করেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তায়ালা তার সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন।”
দোয়া মাহফিলে বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ইমরানুল নক,বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।