মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা জাককানইবি প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ৮:০৩:৫০ প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (এসএসএন) শাখার ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুটি পৃথক কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছে। কর্মসূচিগুলোতে মানবাধিকার, ন্যায়বিচার, নেতৃত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
গত শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দ্বিতীয় সোচ্চার জাতীয় কর্মশালা: মানবাধিকার ও নেতৃত্ব ২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জাককানইবি এসএসএন শাখাসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সোচ্চার শাখা এবং টর্চার ওয়াচডগ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় মানবাধিকার, ন্যায়বিচার, নৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক অংশগ্রহণ, সাংবিধানিক অধিকার এবং নিরাপদ ও নৈতিক তথ্য নথিভুক্তকরণ বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ ও আলোচনা পরিচালনা করেন।
পরদিন (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘দ্বিতীয় আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার: জবাবদিহিতা, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে মানবাধিকার, ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
দুই আয়োজন থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কার্যক্রমে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছে জাককানইবি সোচ্চার শাখা। সংগঠনটির নেতারা জানান, এসব অভিজ্ঞতার আলোকে ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তুলতে তারা আরও সক্রিয়ভাবে কাজ করবেন।





















