শিক্ষা ও শিক্ষাঙ্গন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ৯:১২:০৪ প্রিন্ট সংস্করণ

দেশের তিন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।

‎‎প্রজ্ঞাপনে বলা হয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দোকার আশরাফুল মুনিমের স্থলাভিষিক্ত হলেন।

‎হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

এ ছাড়া কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীলিপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হলেন।

এতে উল্লেখ করা হয়েছে, ‎‎উপাচার্য পদে সদ্য দায়িত্বপ্রাপ্তরা চার বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও খবর

Sponsered content