সারাদেশ

আশাশুনি-বড়দল সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি

  সাতক্ষীরা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ৩:৪৬:৩৮ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি থেকে বড়দলগামী গুরুত্বপূর্ণ সড়কের মানিকখালি ব্রিজের সামনে আবারও বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্যস্ত এ সড়কের এমন অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।

দক্ষিণ খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত আশাশুনি-বড়দল সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর ও দেবহাটা হয়ে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও সড়কের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সাম্প্রতিক হালকা বৃষ্টিতে ব্রিজের ঢাল বেয়ে নামা পানির কারণে সড়কের পাশের মাটি ধসে গেছে। এতে পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর আগে একই স্থানে মেরামত কাজ করা হলেও অল্প সময়ের মধ্যেই পুনরায় ধস নামায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। এছাড়া মানিকখালি ব্রিজ থেকে বড়দল ব্রিজ পর্যন্ত আরও কয়েকটি স্থানে সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কে চলাচল এখন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। ঝাঁকুনির কারণে সুস্থ মানুষও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে গুরুতর রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য এই সড়ক এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এদিকে গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা দুটি কালভার্টও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, “ওই স্থানে পূর্বেও গর্ত হয়েছিল, যা মেরামত করা হয়েছিল। পুনরায় গর্তের বিষয়টি জানা গেছে, দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয়দের দাবি, বারবার অস্থায়ী মেরামত নয়, টেকসইভাবে সড়ক সংস্কার জরুরি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারসহ জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও খবর

Sponsered content