শিক্ষা ও শিক্ষাঙ্গন

২৫ ফেব্রুয়ারি ব্রাকসু নির্বাচন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১২ জানুয়ারি ২০২৬ , ১০:১৯:৫৩ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নির্বাচন কমিশনের দায়িত্বে সাময়িক পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

সভা শেষে জানানো হয়, ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক। তবে পরবর্তী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সহযোগী অধ্যাপক মাসুদ রানা ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১১ ডিসেম্বর ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জাহান পদত্যাগ করলে নির্বাচন কমিশনের নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এ ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগে সিন্ডিকেট সভার অনুমোদন প্রয়োজন। কিন্তু সিন্ডিকেট সভা এখনো অনুষ্ঠিত না হওয়ায় তাৎক্ষণিকভাবে নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচন কার্যক্রম যাতে স্থবির হয়ে না পড়ে এবং চলমান প্রস্তুতি অব্যাহত থাকে, সে জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলে আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা এবং কিছু সংঘবদ্ধ গোষ্ঠীর ষড়যন্ত্রের কারণে বারবার ব্রাকসু নির্বাচন পেছানো হচ্ছে। কখনো নির্বাচন কমিশনারের পদত্যাগ, কখনো ভোটার তালিকায় গরমিল—এ ধরনের অজুহাতে নির্বাচন স্থগিত করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ ও হতাশ বলে জানান তারা এবং অবিলম্বে ব্রাকসু নির্বাচন আয়োজনের দাবি তোলেন।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল পুনর্গঠন করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও প্রায় ১৭ বছরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একবারও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত জুলাইয়ে আন্দোলনের মুখে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরে জারি করা গেজেটের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯–এ ব্রাকসু সংযুক্তির নির্দেশনা দেওয়া হয়।

এরপর গত ১৮ নভেম্বর প্রথমবারের মতো ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম দফায় ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল ২৯ ডিসেম্বর। শীতকালীন ছুটির কারণে তারিখ এগিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর দ্বিতীয় দফা তফসিলে ২৪ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। তবে ভোটার তালিকায় অসংগতি দেখিয়ে ১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নির্বাচন স্থগিত করা হয়। পরে ৩ ডিসেম্বর পুনরায় তফসিল ঘোষণা করা হলেও জাতীয় নির্বাচনের কারণে শেষ পর্যন্ত ২৪ ডিসেম্বরের নির্বাচনও স্থগিত করা হয়।

আরও খবর

Sponsered content