সারাদেশ

মহাখালী ফ্লাইওভারে ফের অপরাধীদের আনাগোনার অভিযোগ, উদ্বিগ্ন স্থানীয়রা

  নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৭ জুন ২০২৬ , ৩:২৯:১৭ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকায় আবারও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস আগে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের মধ্যে কয়েকজনকে সম্প্রতি এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে ফ্লাইওভারের কাঠামোর ভেতরে কিছু বখাটে যুবক পুনরায় অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে এক নারী ছিনতাইয়ের শিকার হওয়ার পর তার অভিযোগের ভিত্তিতে মহাখালী ফ্লাইওভারের একটি গোপন সুরঙ্গের সন্ধান পায় পুলিশ। পরবর্তীতে ওই সুরঙ্গে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সুরঙ্গের ভেতর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট প্রশাসন সুরঙ্গটির প্রবেশমুখ বন্ধ করে দেয়।

তবে স্থানীয়দের দাবি, পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি ফ্লাইওভারের বিভিন্ন অংশে কিছু যুবককে অবস্থান নিতে দেখা গেছে এবং তারা কাঠামোর ভেতরে প্রবেশের চেষ্টা করছে।

মহাখালীর বাসিন্দা নাহিদ আরাফ জানান, ঈদের আগের দিন সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভার অতিক্রম করার সময় তিনি একজন যুবককে ফ্লাইওভারের ভেতর থেকে বের হতে দেখেন। পরে সামনে এগিয়ে গেলে ফ্লাইওভারের মাঝামাঝি অংশে তুলনামূলক বড় একটি ছিদ্রও তার নজরে আসে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ফ্লাইওভারের অভ্যন্তরীণ অংশ আবারও অপরাধী ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হতে পারে। এতে পথচারী ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অবকাঠামোগত ঝুঁকিও সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং ফ্লাইওভারের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “কয়েক মাস আগে পুলিশের অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছিল। কিন্তু এখন আবার সন্দেহজনক কিছু লোকের আনাগোনা দেখা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আগের মতো হয়ে যেতে পারে।”

বনানী থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “এ ধরনের অভিযোগ পেলে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করি। মহাখালী ফ্লাইওভার এলাকায় নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজন হলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”

সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বলেন, “ফ্লাইওভারের কাঠামোতে কোনো ধরনের ক্ষতি বা অননুমোদিত প্রবেশের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত পরিদর্শন করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content