লালপুর (নাটোর) প্রতিনিধি: ৭ জুন ২০২৬ , ১২:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গত ৬ জুন উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।
আহতরা হলেন উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার উধনপাড়া মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে চলতে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মুক্তার হোসেন নিহত হন। একই সঙ্গে ভ্যানে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।














