বিনোদন ডেস্ক: ১৩ জুন ২০২৬ , ৭:১৭:৪৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ চলচ্চিত্র ও নাটকের অভিনয়শিল্পী আসমা ঝিলিকের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি শাকিব খানের অভিনীত ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, তার স্বামী সাইফুল্লাহ তাকে হাসপাতালের অষ্টম তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ফেলে হত্যার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
নিহতের বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ঘটনার কিছুক্ষণ আগেও তার সঙ্গে আসমা ঝিলিকের ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছিল। পরে তিনি জানতে পারেন তার বোনের মৃত্যু হয়েছে।
অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর আসমা ঝিলিক ও তার স্বামীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার বোনকে ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের সন্দেহ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।














