প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ১:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ
গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। যা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বড় পর্দার পর এবার এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৪ মে হইচইতে স্ট্রিমিং মুক্তি পাবে সিনেমাটি।
প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী এবার ঘরে বসেই দর্শকরা দেখতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ’র ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গেল ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বাংলাদেশে এখন পর্যন্ত সিনেমাটির আয় ১৪ কোটির টাকার বেশি বলে জানা গেছে। বিদেশের বাজার যুক্ত করলে আয় ছাড়িয়েছে ২০ কোটি টাকা। গত শুক্রবারও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটি প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে।
সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।











