হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি ১৩ জুন ২০২৬ , ১১:১৫:০৭ প্রিন্ট সংস্করণ
দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের ডিসি পার্ক এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। একই সঙ্গে জেলার প্রতিটি ইউনিয়নেও পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, “এক বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলায় প্রায় ৭ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং বর্তমানে প্রায় ২ লাখ গাছ রোপণ সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে অন্তত ১০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।




















