প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১২:২৮:৫৬ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ মৌসুমে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাস্তব দুনিয়া থেকে এবার তিনি কল্পনার রাজত্বে! অভিনয় করলেন ‘ব্রাজেন্টিনা’ নামের একটি সিরিজের কেন্দ্রীয় চরিত্রে। গতকাল সোমবার (১৫ জুন) থেকে রাজধানী ঢাকার কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিরিজটি নির্মাণ করছেন তারিক মুহাম্মাদ হাসান। এর আগেও অবশ্য ফুটবলার ও ক্রিকেটারদের নিয়ে নাটক তৈরি করেছেন এই নির্মাতা। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে জুটি করে ‘টি-টুয়েন্টি’, ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে অভিনেতা নিলয় আলমগীরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছেন তিনি।
‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লামকে।
টুকটাক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও আগে কখনও অভিনয় করেননি জামাল ভূঁইয়া। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতে না করেছি, বলেছি পারব না। এরপরও পরিচালক বারবার চেষ্টা করেছেন। চার বছর আগেও একবার করতে চেয়েছিলেন। কিন্তু ওই সময়ে আমার সময় ছিল না। এবার আবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন। আমাকে বলেছেন, আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন- এসব শুনে একটু আশ্বস্ত হয়েছি। পরিচালকের আগের কাজগুলো দেখেছি। পরে আশরাফুল ভাইয়ের সঙ্গে আলাপ করেছি- তিনি বলেছেন, করেন করেন। আমিও ভাবলাম, দেখি চেষ্টা করে।’
যোগ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাদের সঙ্গে অভিনয় করছি, তারা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’
কলাবাগানের যে মাঠে শুটিং হচ্ছে, সেখানে জামাল ভূঁইয়ার অনেক স্মৃতি- এ প্রসঙ্গে অধিনায়কের ভাষ্য, ‘এই মাঠে ক্যারিয়ার শুরু করেছি। সেই মাঠেই এখন শুটিং করছি।’
নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের সময় অনেক ধরনের নাটক, সিরিজ হয়। গল্পের বেশির ভাগজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনা থাকে। আমার গল্পটাও যে খুব বেশি ব্যতিক্রম, তা না। তবে উপস্থাপনটা আলাদা করার চেষ্টা করেছি। দর্শক যেন নতুন কিছু পান, সে কারণে প্রতিটি চরিত্রের উপযোগী শিল্পীকে এখানে কাস্ট করা হয়েছে।’
উল্লেখ্য, ৮ পর্বের ‘ব্রাজেন্টিনা’ সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ প্রমুখ। আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির প্রচার শুরু হবে।














